দেশের ৬৩ শতাংশ মানুষ ইন্টারনেটের প্রয়োজন বোধ করে না: সমীক্ষা

২৮ ডিসেম্বর, ২০২২ ২১:৩৪  
দেশে ৯৭ দশমিক ৪ শতাংশ পরিবার মোবাইল ফোন ব্যবহার করে। ব্যবহারের ক্ষেত্রে নারীরা পুরুষের থেকে এগিয়ে আছেন। পুরুষদের মধ্যে ৮৯ শতাংশ ৯ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করেন। নারীদের ক্ষেত্রে এই হার ৯০ শতাংশ। তবে নারী-পুরুষ উভয়ে মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন অনুভব করেন না। দেশজুড়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত একটি সমীক্ষায় এই চিত্র উঠে এসেছে। গৃহস্থালি ও ব্যক্তিগত পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে সমীক্ষাটির প্রাথমিক ফলাফল বুধবার (২৮ ডিসেম্বর) প্রকাশ করা হয়। ঢাকায় বিবিএস মিলনায়তনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিব শাহনাজ আরেফিন। সমীক্ষায় দেখা গেছে, কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন ৪ শতাংশ। সমীক্ষার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫২ দশমিক ২ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। বিভাগ অনুযায়ী, ঢাকায় স্মার্টফোন ব্যবহারের হার সর্বোচ্চ ৫৪ দশমিক ২ শতাংশ এবং রাজশাহী বিভাগে সর্বনিম্ন ১৯ দশমিক ৭ শতাংশ। এতে আরও বলা হয়, মোট জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ২০১৩ সালে ৬ দশমিক ৭ শতাংশ থেকে ২০২২ সালে বেড়ে হয়েছে ৩৮ দশমিক ৯ শতাংশ। মোবাইল ফোনের ব্যবহারের হারও একই সময়ের মধ্যে ৮১ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৯ শতাংশ৷ এর মধ্যে কম্পিউটার ব্যবহারকারীদের অনুপাতও বেড়েছে।